গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ও বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কলেজ পড়ুয়া ছেলে ইপেলকে পুলিশের নির্যাতন করে আটকের প্রতিবাদে মঙ্গলবার যান চলাচল ও উপজেলা সদরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জানা গেছে, দুপুর ১২টার দিকে থানা থেকে ২০ গজ দূরে ইসলামিয়া সরকারি হাইস্কুলের গেটের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছিলেন এসআই রুবেলের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় কলেজ ছাত্র সারোয়ার জাহান ইপেল ও তার বন্ধু ইয়াহিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ কাগজপত্র দেখতে চায়। এ নিয়ে একপর্যায়ে তাদের সাথে এসআই রুবেলের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এসআই রুবেল ও পুলিশ সদস্যরা ইপেল ও ইয়াহিয়াকে পিটিয়ে আটক করে থানায় নিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী দুপুর সাড়ে ১২টার দিকে থানা ঘেরাও করে। এলাকাবাসী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা কলেজ ছাত্রের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে উপজেলা সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। উপজেলা সদরের সাথে উপজেলার অন্যান্য অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পিকেটিংয়ের কারণে ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুপুর ২টার দিকে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।