রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগর উপজেলার আমগ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরো ৫ জন আহত হয়েছে। গত সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে । নিহত মোফাজ্জল হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আমগ্রামে মুজিবুর রহমান আকন্দের বাড়িতে ১৫-২০জন সশস্ত্র ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা চিত্কার করে বাঁধা দিলে ডাকাতদলের সদস্যরা তাদেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এসময় পাশের বাড়ি থেকে মুজিবুর রহমানের ভাগিনা ছুটে আসলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মোফাজ্জল হোসেন মারা যায়। এসময় বাড়ির কর্তা মুজিবুর রহমানসহ আরও ৫জন আহত হয়। পরে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়।
নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।