কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম চারমাথা বাজারে সোমবার গভীর রাতে ২২টি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা পাহারাদারদের বেঁধে রেখে নগদ টাকাসহ প্রায় ৪০/৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় সাতজন পাহারাদারকে আটক করেছে।
দেওগ্রাম বাজার কমিটির সভাপতি নাছিম জানান, দেওগ্রাম বাজারে প্রায় ১৮০টি দোকানের জন্য সাতজন পাহারাদার নিযুক্ত। সোমবার গভীর রাতে ট্রাক নিয়ে ২৫/৩০ জনের একদল ডাকাত দেওগ্রাম বাজারে এসে প্রথমে দুইজন পাহারাদারকে বলেন, তারা আইন-শৃঙ্খলা বাহিনীর লোক বাজারের ওপর দিয়ে ফেন্সিডিলের গাড়ি পার হবে, তাদের ধরার জন্য সাহায্য করতে হবে। আর এ কথা বলে সাতজন পাহারাদারকে ডেকে একত্রিত করে তাদেরকে বাজারের পাশে মাঠে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রেখে ডাকাতেরা বাজারের ২২টি দোকানের তালা ও সাটারগেট ভেঙে নগদ টাকা, সিগারেট, কীটনাশক, দামি ওষুধ, ইলেকট্রনিক্স কাপড়, মোবাইলের মেমোরি কার্ডসহ প্রায় ৪০/৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কাহালু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার সাতজন পাহারাদারকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।