জগদল স্বাস্থ্য কমপ্লেক্স কবে সচল হইবে?

হাতি আছে, কিন্তু তাহার মাহুত নাই। গাড়ি আছে, কিন্তু চালক নাই। তেমনিভাবে একটি নূতন নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাড়ে পাঁচ বত্সর ধরিয়া নিঃসঙ্গ পড়িয়া আছে, কিন্তু তাহাতে কোনো রোগী নাই। কারণ, ওই হাসপাতালে চিকিত্সাসেবা পরিচালনার জন্য এখন অবধি নিয়োগপ্রক্রিয়াই শুরু হয় নাই। একটি সহযোগী দৈনিকে প্রকাশ হইয়াছে সুনামগঞ্জ হাওড়পারের জগদল উপজেলার জন্য নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের এই করুণ চিত্র। এমনিতেই ওই হাওড়পারের মানুষের জন্য যাতায়াতের ব্যবস্থা খুব নাজুক। বর্ষায় নৌকা এবং শুষ্ক মৌসুমে হাঁটিয়া চলাচল করিতে হয়। এমতাবস্থায় অত্রাঞ্চলের কেহ অসুস্থ বা সন্তানসম্ভবা হইলে দূরের হাসপাতালে লইয়া যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য হইয়া উঠে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই ওই হাসপাতালটি নির্মাণ করা হইয়াছিল। কিন্তু ক্ষুধার্ত শৃগালের দেওয়ালে আঁকা মুরগির ছবির মতো ওই স্বাস্থ্যভবনের স্থানুবত্ চিত্র দেখিয়া চক্ষুসুখ মেটায় মাত্র—তাহাদেরও একটি হাসপাতাল আছে!

ইহা নিঃসন্দেহে দুঃখজনক যে, সাড়ে পাঁচ বত্সর আগে নির্মিত ২০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আধুনিক ভবন, চিকিত্সা সরঞ্জাম সবই থাকিবার পরও শুধু জনবল নিয়োগের অভাবে স্থবির হইয়া পড়িয়া আছে। স্বাস্থ্যসেবা হইতে বঞ্চিত হইতেছে সুনামগঞ্জ হাওড়পারের অর্ধলক্ষাধিক মানুষ। তালাবদ্ধ অবস্থায় দীর্ঘদিন ধরিয়া পড়িয়া থাকিবার কারণে হাসপাতালটির অব্যবহূত অবকাঠামো ও চিকিত্সা সরঞ্জাম নষ্ট হইয়া যাইবার আশঙ্কা করিতেছেন সংশ্লিষ্টরা। জানা গিয়াছে, অত্যাধুনিক এই হাসপাতালে চিকিত্সক, নার্স, ওয়ার্ডবয়, অফিস সহকারী ও ল্যাব অ্যাটেনডেন্টসহ ১৩টি পদ রহিয়াছে। জেলা সিভিল সার্জন জানাইয়াছেন যে, জগদল উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটির সবকিছু ঠিকঠাক থাকিলেও কেবল জনবল নিয়োগ দিতে না পারিবার কারণে তাহারা চিকিত্সা কার্যক্রম শুরু করিতে পারিতেছেন না। কারণ, স্বাস্থ্য মন্ত্রণালয় হইতে আজো জনবল নিয়োগের অনুমতি দেওয়া হয় নাই। সাড়ে পাঁচ বত্সর ধরিয়া একটি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা কতিপয় কর্মকর্তার অবহেলায় বা উদাসীনতায় শুরু করিতে না পারাটা কেবল রাষ্ট্রের সম্পদেরই অপচয় নহে, একইসঙ্গে অর্ধলক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা পাইবার বিষয়টিকেও তুচ্ছতাচ্ছিল্য করা। সাড়ে পাঁচ বত্সর কম সময় নহে। এই সময়ের ভিতরে পৃথিবী তাহার নিজ কক্ষপথে দুই হাজারের বেশি বার ঘুরিয়া আসিয়াছে, অথচ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফাইল নড়ে নাই! ইহাকে আমরা কোন বিশেষণে ভূষিত করিব?

স্বাস্থ্যখাতে এই ধরনের নানাবিধ অপচয়ের অনেক অভিযোগ রহিয়াছে। দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই নানাবিধ সমস্যায় জর্জরিত। অবকাঠামো সংকট, ঔষধ সংকট, চিকিত্সক ও অন্য জনবল সংকট, চিকিত্সাসেবার জন্য প্রয়োজন এমন যন্ত্রপাতির সংকটসহ বিভিন্ন সমস্যার কথা প্রায়শই পত্রপত্রিকায় প্রকাশ হয়। অথচ সাধারণ মানুষের নিকট এইসব চিকিত্সাকেন্দ্রই প্রধান ভরসা, এমনকী কোথাও কোথাও একমাত্র ভরসা। বলিবার অপেক্ষা রাখে না, কেবল সদিচ্ছা থাকিলেই এই ধরনের অপচয় ও স্থবিরতা রোধ করা সম্ভব। আমরা মনে করি যে, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কাজে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।