মানুষ সামাজিক জীব। তাই কোনো মানুষই একা বসবাস করতে পারে না। তাকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। নিজের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী নিয়েই সমাজ। আর এই সমাজে বসবাস করতে হলে সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। শুধু নিজের আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেই কর্তব্য শেষ নয় বরং সমাজের উঁচু-নিচু সব মানুষের প্রতি দায়িত্ব পালন করতে হবে। মানুষ মরণশীল—একটা নির্দিষ্ট সময় মানুষ পৃথিবীর বুকে বেঁচে থাকে, তার সময় ফুরিয়ে গেলে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায়। একটা সময় হারিয়ে যাওয়া মানুষকে সবাই ভুলে যায়। কিন্তু যাঁরা সমাজের প্রতি সঠিক দায়িত্ব পালন করেন তাঁরা হয়ে থাকেন চিরস্মরণীয়। সৃষ্টিকর্তা কোনো মানুষকেই সকল কিছুর অধিকারী করে দুনিয়ায় পাঠাননি। মানুষ বিভিন্ন কারণে একে অপরের ওপর নির্ভশীল আর মানুষের অপূর্ণ জিনিসগুলো পূর্ণ করতে সাহায্য করে সমাজের অন্য মানুষরা। এটা তাদের দায়িত্ব। এভাবে সমাজের সকলের প্রতি সকলের দায়িত্ববোধ রয়েছে। সৃষ্টিকর্তা কাউকে অর্থের অধিকারী করেছেন, কাউকে করেছেন শ্রমের অধিকারী। অর্থবানদের দায়িত্ব অর্থ দিয়ে সমাজের দরিদ্র মানুষকে সাহায্য করা। যুগে যুগে স্মরণীয় ব্যক্তিরা সমাজের প্রতি তাদের দায়িত্ব যথাযথ পালন করেছিলেন; যেমন বেগম রোকেয়া, মাদার তেরেসা, হাজী মোহাম্মদ মহসীন, মাহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ সমাজের জন্য অনেক কাজ করে গিয়েছেন।
মানুষের প্রতি দায়িত্ব পালন করতে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়। অনেকে এতে আবার সুখ খুঁজে পান। শুধু নিজের কথা চিন্তা করলেই সমাজের উন্নতি করা সম্ভব নয়। যিনি সামাজিক হতে পারবেন না তিনি স্মরণীয় হতেও পারবেন না। একজন মানুষ যদি সমাজে সবার কথা ভাবেন, সবার প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন তাহলে সবাই একদিন সেই মানুষটাকে নিয়ে ভাববে। তাই সর্বদা নিজের স্বার্থের কথা না ভেবে মানুষের কথা ভাবা উচিত। অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। কবি বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি/এ জীবন মন সকলি দাও/তার মত সুখ কোথাও কি আছে?/ আপনার কথা ভুলিয়া যাও।
সকলের উচিত সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা। তবেই মানুষ সামাজিক হয়ে উঠবে। মানুষ মানুষের জন্য। আমাদের সমাজে বাস করতে হলে তাই মানুষের কথা চিন্তা করতে হবে। সমাজে সুখ, সমৃদ্ধি বজায় রাখার জন্য শুধু নিজের কথা না ভেবে অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। সকলের মনে ধারণ করতে হবে মানবতার চিরায়ত বাণী—
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে
কড়ৈতলী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর