স্থগিত হলো বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভা

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল বিকাল চারটায়। সবকিছু ঠিক থাকলেও দুপুরের পর হঠাত্ করেই বোর্ড সভা স্থগিত করা হয়। কোরাম সংকটে সভাটি স্থগিত করা হয়। তবে নতুন তারিখ ঘোষণা করা হয়নি।  কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে, পর্ষদ সদস্য জামালুদ্দিন আহমেদের শ্বাশুড়ি ইন্তেকাল করায় তিনি বৈঠকে যোগদান করতে অপরাগতা প্রকাশ করেন। বোর্ডের একজন সদস্য দেশের বাইরে রয়েছেন। এছাড়া কয়েকজন সদস্য সভায় আসতে অপারগতা প্রকাশ করায় বোর্ডসভা স্থগিত করা হয়।

সূত্র জানিয়েছে, গতকাল অনুষ্ঠিতব্য বোর্ড সভায় নতুন ব্যাংক হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লেটার অব ইনট্যান্ট অনুমোদন হওয়ার কথা ছিল। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বোর্ড সভায় নীগিতভাবে সমর্থন দেওয়া হয়েছিল। এছাড়া পিপলস ও সিটিজেনস ব্যাংকের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এর বাইরে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্থের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি নিয়ে আলোাচনা হওয়ার বিষয়টি আলোচ্য সূচিতে ছিল। এই দুটি বিষয়েই মূলত এবারের বোর্ড সভায় সবচেয়ে বেশি গুরত্ব পেয়েছিল। সূত্র জানিয়েছে, মুদ্রানীতির আলোচনায় পর্ষদের যে সদস্যর উপস্থিতি গুরুত্বপূর্ণ, গতকালের সভায় তিনি অপরাগতা প্রকাশ করেন। এজন্য বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সদস্য সাতজন। পর্ষদে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূইঁয়া, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অর্থমন্ত্রণালয়ের সচিব আবদুর রউফ তালুকদার, পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, রুশিদান ইসলাম রহমান, জামালুদ্দিন আহমেদ ও একেএম আফতাব উল ইসলাম প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকার বলে বোর্ডের চেয়ারম্যান।