হোসে মরিনহোকে দলের কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বেনফিকা চেয়ারম্যান লুইস ফেলিপে ভিয়েইরা। তিনি জানালেন- পর্তুগীজ এই কোচকে দলে পেতে অর্থ কোনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না তার দলের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চাকরিচ্যুত হবার পর থেকে কর্মহীন থাকলেও রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানের কোচ হয়ে আসার গুঞ্জন আছে তার ব্যাপারে। রুই ভিতোরিয়াকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ ব্রুনো ল্যাগের অধীনে খেলছে বেনফিকা। মরিনহোকে কোচের পদে পাওয়ার ব্যাপারে এক প্রশ্নে ফেলিপে বলেন, ‘আমি তার বন্ধু। মরিনহোকে কে পেতে চাইবে না? তবে আমি তার সঙ্গে এ ব্যাপারে কথা বলিনি। যদি কাল সে ইতিবাচক উত্তর দেয় তবে মুহূর্তেই আমরা তাকে এখানে হাজির করবো। বেনফিকার জন্য অর্থ কোনো সমস্যাই নয়।’