মজুরি বাড়লেও বায়াররা দর বাড়ায় না :শ্রম প্রতিমন্ত্রী

সম্প্রতি গার্মেন্টস খাতের শ্রমিকদের মজুরি ৫ হাজার ৩শ’ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী মাস থেকে নতুন এ মজুরি কার্যকর হবে। তবে মজুরি বাড়লেও বিদেশি ক্রেতারা (বায়ার) পোশাকের দর বাড়ায় না বলে অভিযোগ তুলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। গতকাল বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে পোশাক শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে চিকিত্সা ও শিক্ষা সহায়তা প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, বিদেশিরা শ্রমিকের মজুরি বাড়ানোর জন্য বলে। কিন্তু পোশাকের দর বাড়ায় না।  পোশাকের দর বাড়ানোর জন্য তিনি বায়ারদের আহ্বান জানান।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী কারো উসকানিতে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কারখানা মালিক ও শ্রমিকের কথা বিবেচনায় নিয়েই যৌক্তিকভাবে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কেউ কেউ এ ইস্যুতে শ্রমিকদের উস্কানি দিয়ে শিল্পের ক্ষতি করার চেষ্টা করছে। তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। জানুয়ারি থেকে শ্রমিকরা বর্ধিত মজুরি হাতে পাবেন। আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান আগামী ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ৭৮ জন অসুস্থ্য শ্রমিককে চিকিত্সা ও ৫৭ জন গার্মেন্টস শ্রমিকের সন্তানকে শিক্ষা সহায়তা বাবদ মোট ৪১ লাখ টাকা দেওয়া হয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পোশাক শিল্প মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।