শপথ নিয়ে ফের সিএমএইচে এরশাদ

হাঁটুর সমস্যার কারণে হাঁটতে পারছেন না জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। অন্যের সহযোগিতায় হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতে হচ্ছে। হাঁটুর ব্যথা তীব্র হওয়ায় শনিবার দুপুরে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখান থেকে পরদিন সরাসরি সংসদ ভবনে গিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন      শারমিন চৌধুরীর কাছে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেন। সেদিনও তিনি সংসদ ভবনে গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে স্পিকারের কার্যালয়ে যান। রংপুর-৩ আসন থেকে এরশাদ এবারও এমপি নির্বাচিত হন।

এরশাদের ছোট ভাই ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের গতকাল মঙ্গলবার এরশাদকে দেখতে হাসপাতালে গেছেন। জিএম কাদের ইত্তেফাককে জানান, জাপা চেয়ারম্যানের হাঁটুর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সোমবার হাসপাতালে গিয়ে এরশাদকে দেখে আসেন। আর জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার প্রতিদিনই টেলিফোনে এরশাদের অবস্থার খবর রাখছেন। তবে এরশাদ পত্নী ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ গত তিনদিন হাসপাতালে যাননি।

জানা গেছে, রবিবার শপথের পর সংসদ ভবন থেকে এরশাদ বারিধারার বাসায় যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর তিনি আবারও সিএমএইচে ফিরে যান। জাপার দায়িত্বশীল একাধিক নেতা ও এরশাদের ব্যক্তিগত স্টাফরা ইত্তেফাককে জানান, গত কয়েকদিন ধরে এরশাদ একেবারেই হাঁটতে পারছেন না। এমনকি নিজে-নিজে উঠে দাঁড়াতেও পারছেন না। সিএমএইচের চিকিত্সকরা তাকে আরও ৩-৪ দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।