নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিয়েছেন। বিশ্বাস ও সার্বভৌমত্ব বজায় রেখে বৈদেশিক নীতির মূল লক্ষ্যগুলো অর্জনে সবার সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্ব দরকার। দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২১, ২০৩০ ও ২০৪১ সালের রূপরেখা অর্জনের জন্য আমরা বিদেশি বন্ধুরাষ্ট্রের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করি। সকলের সমর্থন আমাদের প্রয়োজন। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থনৈতিক কূটনীতির উদ্যোগ নিয়েছি। তিনি জানান, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই তারা একটি টিম হিসেবে কাজ করতে চান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন। এর আগে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে তার মন্ত্রণালয়ে স্বাগত জানানো হয়। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।