‘নির্বাচন অংশীদারমূলক হয়েছে’-নিজের এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, সদ্য গত হওয়া সংসদ নির্বাচন নিয়ে তার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ৩ জানুয়ারি মাহবুব তালুকদার এক অনুষ্ঠানে বলেছিলেন, এই প্রথম একটা অংশীদারি ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। আমি মনে করি, এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহ্য সৃষ্টি করবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদারও প্রশংসা করেছিলেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে’ তিনি যে বক্তব্য দেন, তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক তার কাছে জানতে চেয়েছেন তিনি অবস্থান পরিবর্তন করেছেন কি না। এ সম্পর্কে ‘বিভ্রান্তির অবসান ঘটাতে’ বিষয়টি স্পষ্ট করেন এই নির্বাচন কমিশনার।
লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, ‘আমি বলেছি, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। ইতিপূর্বে ১৭ ডিসেম্বর আমি বলেছিলাম, ‘সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে, নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কি না এবং বিশ্বাসযোগ্য কি না? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই।’
নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কেন কথা বলেননি এ প্রসঙ্গে তিনি বলেন, ’কেমন নির্বাচন হয়েছে, সাংবাদিকদের এধরনের প্রশ্নের জবাবে আমি পূর্বেও বলেছি, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, তাহলে জবাব পেয়ে যাবেন। এখনো আমি সেই কথা বলি।’
তিনি বলেন, ৩ জানুয়ারির অনুষ্ঠানটি ছিল ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। কাউকে প্রশংসা সূচক কথা বলে ধন্যবাদ জানাতে হয়। তার ধন্যবাদ জ্ঞাপন মূলক বক্তব্যকে রাজনৈতিকভাবে বিচার-বিশ্লেষণ করা ঠিক হবে না।