স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যদি আন্দোলনের নামে এবার কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তা হলে শক্ত হাতে তা দমন করা হবে। তিনি বলেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি, আগামী দিনেও দেব না।
দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের ধারা চলছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সেটা হারিয়ে যাবে। তাই যে কোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিএনপির আন্দোলনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা একটি রাজনৈতিক দল। তাই তারা রাজনীতি করতে পারে। তবে নাশকতা, অগ্নিসংযোগ এদেশের মানুষ পছন্দ করে না। এর আগেও তারা এ ধরনের আন্দোলন করে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, জনসম্পৃক্ত নয় এমন আন্দোলন যদি বিএনপি করে তাহলে তারা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।
মাদকমুক্ত সমাজ গঠনের পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমাদের চলমান প্রক্রিয়া। জঙ্গি, সন্ত্রাস দমন ও মাদককে আমরা জিরো টলারেন্সের কথা বলেছিলাম। আমরা সবগুলোই কিছুটা কন্ট্রোল করেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, আশা করি আমরা সামনের দিনগুলোতে মাদককে নিয়ন্ত্রণ করতে পারব। তিনি বলেন, মাদককে নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে, তা না হলে আমাদের মেধা ও স্বপ্ন হারিয়ে যাবে। নিজ দফতর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যেহেতু এর আগেও আমি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, তাই যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো সম্পাদনই হবে আমার বড় চ্যালেঞ্জ।