ইত্তেফাক রিপোর্ট
জাসদ সভাপতি ও সদ্য সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কোনো কোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ‘খবর’ বেরিয়েছে সেটিকে স্রেফ গুজব বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। জাসদের সাধারণ সম্পাদক গতকাল ইত্তেফাককে বলেন, ‘সোমবার ভোরে হাসানুল হক ইনুর ভায়রা মারা যান, এনিয়ে শোকাতুর থাকায় উনি অস্বস্তি বোধ করছিলেন। সেজন্য রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে উনি রক্তচাপ মাপাতে যান, তখন উপস্থিত চিকিত্সকরা উনাকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, এরপর চিকিত্সকরা তার ইসিজি করান, এরকম করতে-করতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। এরপর উনি বাসায় চলে যান।’
শিরীন আখতার বলেন, ‘এটাকে কেন্দ্র করে দুই-একটি টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে যে, হাসানুল হক ইনু বুকের ব্যথা নিয়ে আইসিইউতে দুই ঘণ্টা ছিলেন, এরপর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে... ইত্যাদি। এসব খবর স্রেফ গুজব। আমাদের দলের সভাপতি সম্পূর্ণ সুস্থ আছেন।’