ঘুষের মামলায় সাজা বহাল
ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে জামিন দেয়নি আপিল বিভাগের চেম্বার আদালত। তবে সাজার রায়ের বিরুদ্ধে তার করা লিভ টু আপিল ও জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এর উপর শুনানি অনুষ্ঠিত হবে।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় নাজমুল হুদাকে সাত বছরের এবং তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের পুন:শুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত ৬ জানুয়ারি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন নাজমুল হুদা। ওইদিনই তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান বিচারক। এরপর কারাগার থেকে তিন দিনের মাথায় তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল ও জামিন চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে চেম্বার জজ আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল আপিল শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন।