মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে লাশ দাফনের প্রায় আড়াই মাস পর কলেজছাত্রী হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও ছাত্রীর পিতা হত্যার অভিযোগ করেছেন। জানা গেছে, গত ২০ আগস্ট রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের প্রবাসী হানিফ মৃধার কন্যা ও নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাহিনুর ওরফে সুমাইয়ার লাশ উদ্ধার করে পুলিশ এবং অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। কন্যার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে হানিফ মৃধা সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং তার মেয়ে সম্পর্কে বিভিন্নজনের কাছে জিজ্ঞাসাবাদ করেন।
হানিফ মৃধা বলেন, তার স্ত্রীর অনুপস্থিতিতে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তার কন্যা মাহিনুর ওরফে সুমাইয়াকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে। বিষয়টি তিনি থানা-পুলিশকে অবহিত করেছেন। ময়না তদন্তের রিপোর্টের পর পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।