আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এই মেয়াদে আমার কাছে অগ্রাধিকার হবে জনগণের জন্যে সুবিচার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা। এক্ষেত্রে যেসব সমস্যা আছে সেগুলো নির্ধারণ করে সমাধানের চেষ্টা করা। দ্বিতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা অসম্ভব নয়, তবে কঠিন। এটা নিয়ে আমরা কাজ করেছি। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা কঠিন হওয়ার কারণ আছে। সেটা হলো ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে খুনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের বাইরে পাঠানো এবং দেশেও অনেককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এমনকি ২০০১ সালে খালেদা জিয়াও ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন উনার মুখ্যসচিব বিমান বন্দরে গিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিমের স্ত্রীর লাশ রিসিভ করেছে। বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে কারা দায়ী তাদের সনাক্তেও আমরা কমিশন গঠনের চেষ্টা করবো।
পুনরায় আইনমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের সুবিচার কি হওয়া উচিত তা কিন্তু বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধানেই উল্লেখ আছে। সেই বিষয়গুলো নিশ্চিত করেই মানুষের সুবিচারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমরা গত সরকারের সময় অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম। সেগুলো আরও জোরদার ও সুদৃঢ় করা হবে। আমি একটি কথা বলতে চাই, গতবার আমার মন্ত্রণালয়ের দুটো বিভাগই আমাকে সহযোগিতা করেছে। যার ফলে অনেক কাজই করা সম্ভব হয়েছে। গতবারের অভিজ্ঞতার আলোকে অসম্পাদিত কাজগুলো এগিয়ে নিতে চাই।