সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাত্

সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেঃ জেনারেল হামাদ মোহাম্মেদ থানি আল রুমাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। গত মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত্ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এর আগে সেনাবাহিনী প্রধান গত ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের ল্যান্ড ফোর্সেস কমান্ডার মেজর জেনারেল সালেহ্ মোহাম্মদ সালেহ্ মেগরেন আল-আমিরির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তিনি ল্যান্ড ফোর্সেস ইনস্টিটিউট পরিদর্শন করেন।