সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

দেশের প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক এবং সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এক শোকবার্তায় সিদ্দিক বলেন, রাহাত খান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নানা উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তার স্মৃতির প্রতি বাসসের সকলে শ্রদ্ধা, শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জানাচ্ছি।

তিনি সাংবাদিকতা জগতে যে অবদান রেখে গেছেন তা সব সময়ই আমাদের জন্য শিক্ষনীয়। তার মৃত্যু সাংবাদিকতা জগতে বড়ো ধরনের শূণ্যতা সৃষ্টি করলো। যা খুব সহজেই পূরণ করতে পারবো না।

রাহাত খান সবসময়ই সহজসরল, সৎ জীবনযাপন করে গেছেন। তার জীবনাচারণ অনুসরণ করে আমরা সবসময়ই চেষ্টা করবো তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টায় রাজধানীর ইস্কটন গার্ডেনের বাসায় মৃত্যুবরণ করেন রাহাত খান। তিনি দীর্ঘদিন হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

ইত্তেফাক/এসআর