রাজশাহীতে চাল কেজিতে বেড়েছে ৩ টাকা

রাজশাহীর বাজারের এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। পাইকারি ও খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। তবে বিক্রেতারা বলছেন, ধানের সরবরাহ কম থাকায় বেড়েছে চালের দাম। সরবরাহ স্বাভাবিক হলেই কমবে চালের দাম- এমনটিই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মহানগরীর কাদিরগঞ্জ এলাকার নিউ আদর্শ শস্য ভাণ্ডারের মালিক জসিম মণ্ডল জানান, ৮৪ কেজির মিনিকেট বস্তা ৩৫শ’ টাকা থেকে বেড়ে ৩৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫০ কেজির বস্তা ২৩শ’ থেকে সাড়ে ২৪ বা ২৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিআর ২৮ চাল ৮৪ কেজির বস্তা ৩২শ’ থেকে বর্তমানে সাড়ে ৩৪শ’ থেকে ৩৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। বিআর ২৮ পঞ্চাশ কেজির বস্তা ২১শ’ থেকে বর্তমানে ২২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন: ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

এছাড়া বেড়েছে পোলাও চালের দামও। চিনিগুড়া বা কালোজিরা ৭২ টাকা কেজি বিক্রি করা হতো। বর্তমানে ৭৬ টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেড়েছে দুই থেকে তিন টাকা।

খুচরা বাজারের বিক্রেতারা জানায়, পাইকাররা বলছেন ধানের দাম বেশি। বাজারের ধানের সরবরাহ কম। তাই চালের দাম বেশি। তবে সরবরাহ স্বাভাবিক হলে কমবে ধান ও চালের দাম।

অন্যদিকে, সাহেব বাজারের খুচরা চাল ব্যবসায়ী আব্দুল করিম জানায়, আটাশ চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকা, মিনিকেট ৫২ টাকা থেকে ৫৫ টাকা, গুটি স্বর্ণা ৩০ থেকে বেড়ে ৩২ টাকা, বিআর ২৮ চাল ৪৩ টাকা থেকে ৪৪ টাকা, পোলাও ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ