রাফালের তদন্ত হলে মোদীর নামও আসবে :রাহুল

রাফাল কেলেঙ্কারির অভিযোগে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম টেনে আনলেন রাহুল গান্ধী। তার দাবি, রাফাল নিয়ে তদন্ত হলে দু’জনের নামই উঠে আসবে। এদের একজন নরেন্দ্র মোদী, অন্যজন অনিল অম্বানী। মোদী তদন্তে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ রাহুলের।

ছত্তীসগড়ের দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলবার বালোদা বাজারের সভায় রাহুল বলেন, অনিল অম্বানী একটা কাগজের বিমান পর্যন্ত বানাননি। আর যুদ্ধবিমান বানানোর ৭০ বছরের অভিজ্ঞতা থাকলেও রাফাল চুক্তিতে হ্যালকে বাদ দিয়ে অনিলের সংস্থাকেই বেছে নেওয়া হয়েছে। আর রাফাল নিয়ে তদন্ত করার জন্যই রাত একটার সময়ে সিবিআইয়ের প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে।

উন্নয়ন নিয়েও এদিন মোদীকে নিশানা করেন রাহুল। ভোটারদের সামনে তিনি বলেন, ‘মোদী মনে করেন, ২০১৪ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর থেকেই দেশে বিকাশের কাজ শুরু হয়েছে। উনি এটাও জানেন না যে, একজনকে দিয়ে দেশ চলে না। দেশ চালান মানুষ। মোদী এই ধরনের কথা বলে আপনাদের অপমান করেছেন।’ খবর আনন্দবাজার পত্রিকার

ছত্তীসগড়ের বিলাসপুরের সভায় নোটবন্দির প্রসঙ্গ টেনে মোদী সোনিয়া গান্ধী ও রাহুলকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, ‘টাকা নয়ছয়ের মামলায় জামিন নিয়ে ঘুরতে হচ্ছে যাদের, তারাই এখন অন্যদের সততার সার্টিফিকেট বিলি করছেন।’ মোদীর সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন রাহুল। তার অভিযোগ, নোটবন্দির সিদ্ধান্ত গরিবের উপর আঘাত আর ‘স্যুট-বুট’ পরা ধনীর জন্য স্বস্তি। রাহুলের দাবি, ‘প্রধানমন্ত্রী ধনীর কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছেন।’ রাহুল দাবি করেন, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের বিধানসভা ভোটের ফল এবার কংগ্রেসের পক্ষে যাবে। ছত্তীসগঢ়ে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনে চাষিদের ঋণ মওকুফ করারও ঘোষণা দেন তিনি।