নওগাঁ প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত দুই দিনে নওগাঁর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।
জানা গেছে, নওগাঁ জেলার ১১টি উপজেলা ৬টি সংসদীয় আসনে বিভক্ত। গত দশম জাতীয় সংসদে বিএনপি অংশ না নেওয়ায় একতরফা নির্বাচন হয়। ফলে নওগাঁর সবকটি আসন হারায় বিএনপি। এবার প্রতিটি আসনে বিএনপিতে নতুন মুখের আগমন ঘটেছে।
এদিকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে সহোদর মনোনয়ন ফরম কিনেছেন। এক সময় এ দুই উপজেলা জঙ্গি এলাকা এবং বাংলাভাইয়ের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবির এলডিপিতে যোগ দেন।
এরপর সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের ছোট ভাই আনোয়ার হোসেন বুলু হাল ধরতে বিএনপিতে যোগ দেন। সে সময় থেকে প্রায় ১০ বছর কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু এ দুই উপজেলার বিএনপির নেতাকর্মীদের অভিভাবক হিসেবে শক্ত হাতে দলের হাল ধরেছিলেন। এ লক্ষ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আলমগীর কবীর এলডিপিতে যোগদানের বছরই আবার পদত্যাগ করেন। এরপর হঠাত্ করেই আলমগীর কবীর পুনরায় বিএনপিতে ফিরে এসেছেন এবং মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। তাই এ আসনে কে পাবে বিএনপির মনোনয়ন তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।