চীন ছাড়লেন উত্তর কোরীয় নেতা কিম

 রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় সফর শেষে ট্রেনে করে চীন ছেড়েছেন। তবে উত্তর কোরিয়া বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিমের চীন ত্যাগের ব্যাপারে কিছু জানানো হয়নি।

একজন প্রত্যক্ষদর্শী চীনের রাজধানী বেইজিং থেকে ট্রেনটি ছেড়ে যেতে দেখেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ সময় বেইজিং রেলওয়ে স্টেশনে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ব্যাপক তত্পরতা দেখা যায়।  ধারণা করা হচ্ছে, এই ট্রেনের আরোহী ছিলেন কিম। এর আগেও তার সফরের সময় স্টেশনটিতে এমন নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছিল।

কিমের এ সফর ছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে। এ সময় তাদের সঙ্গে উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। তবে গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়ন হয়েছে দেশটির। গত জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকও করেন কিম। তবে নববর্ষে দেওয়া ভাষণে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে ‘বিকল্প ব্যবস্থার’ হুমকি দিয়েছেন কিম।