সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার যে আহ্বান যুক্তরাষ্ট্র জানিয়েছে তা জোরালভাবে প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান। গত রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক বক্তব্যে এ আহ্বান জানিয়েছিলেন। বিবিসি জানায়, বোল্টনের কথা ‘মেনে নেওয়া যায় না’ বলেই জানিয়েছেন এরদোয়ান।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া কুর্দি যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা পেতে তুরস্ক সফর করছেন বোল্টন। কিন্তু তুরস্ক সরকার আইএস’র সঙ্গে লড়াইরত ওই কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের সন্ত্রাসী হিসাবেই গণ্য করে। মঙ্গলবার নিজ দল ‘একে পার্টি’র এমপিদের এরদোয়ান বলেন, তুরস্ক বোল্টনের বার্তা ‘মেনে নিতে পারে না বা তার অনুরোধে ঢেঁকি গিলতে পারে না’।
তিনি বলেন, ওয়াইপিজি এবং কুর্দিদের অন্য দলগুলো কী জিনিস তা আমেরিকানরা জানে না। যদি যুক্তরাষ্ট্র কুর্দিদের তাদের ভাই মনে করে থাকে তবে তারা মারাত্মক বিভ্রমের মধ্যে বাস করছে। এদিকে আইএস পরাজিত হয়েছে’ বলে গত মাসে হঠাত্ করে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।