বরিশাল অফিস
নগরীর বটতলার আমির কুটির এলাকায় গলায় ফাঁস দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ওই এলাকার ফাতেমা মঞ্জিলের চতুর্থ তলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত এসএসসি পরীক্ষার্থী সুরাইয়া আক্তার ইতি (১৬) ওই এলাকার মতিউর রহমানের মেয়ে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রী।
নিহতের স্বজনরা জানিয়েছে, ইতি নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। লেখাপড়ায় অমনোযোগিতার কারণে বাবা-মা বকা দেয়ায় আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা কোতোয়ালি মডেল থানা পুলিশের।
ওসি নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।