মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
অবশেষে মনোহরগঞ্জে আরইআরএমপি-২ প্রকল্পের শতাধিক নারী শ্রমিক পাচ্ছেন তাদের সঞ্চয়ী টাকা। এই প্রকল্পে কর্মরত প্রতিটি নারী শ্রমিক পেয়েছেন ৭৪ হাজার ৬৫৯ টাকা। টাকা পেয়ে তারা মহাখুশি।
সম্প্রতি দৈনিক ইত্তেফাকে ‘কুমিল্লার মনোহরগঞ্জে র্যুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্যান্স (আরইআরএমপি-২) প্রকল্পের শতাধিক নারী শ্রমিক আট মাসেও সঞ্চয়ী টাকা পাননি’ এ শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। অবশেষে ওই প্রকল্পে কর্মরত নারী শ্রমিকরা তাদের সঞ্চয়ী টাকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে এ প্রকল্পের আওতায় রাস্তা মেরামতের কাজ করতেন ১১০ জন নারী শ্রমিক। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে বেতনের খাতায় যোগ হতো ১৫০ টাকা। তার মধ্যে ৫০ টাকা সঞ্চয়ী হিসেবে জমা হতো। চার বছর চুক্তিভিত্তিক এই প্রকল্পের মেয়াদ গত বছরের ১৫ এপ্রিল শেষ হলেও আট মাস ধরে আটকে ছিল তাদের সঞ্চয়ের টাকা।
প্রকল্পের বিপুলাসার ইউপির দলনেত্রী মালেকা টাকা প্রাপ্তির কথা জানিয়েছেন। মালেকার মত অন্যান্য নারী শ্রমিকরাও বলেন, পরিমাণে অল্প হলেও তিল তিল করে জমানো এ টাকাই যেন তাদের জন্য আশীর্বাদ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার জানান, আরইআরএমপি-২ প্রকল্পে কর্মরত সকল নারী শ্রমিককে সফলভাবে কার্য সম্পাদনের জন্য সনদ প্রদান করা হয় এবং সকলকে জমাকৃত সঞ্চয়ী টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।