কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে গত ৫ দিন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে নৌ দুর্ঘটনা এড়াতে রাতের বেলা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দিনে থেমে থেমে কোন রকম ছোট ৪টি ফেরি দিয়ে জরুরি সেবার যানবাহনগুলোকে পারাপার করলেও আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ থেকে নৌপথে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ফলে উভয় ঘাটে আটকা পড়ে অসংখ্য যানবাহন। সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় এসে বিপাকে পড়েন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করে পরে ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন তারা।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ক্যামেলিয়া ও কলমিলতা নামের ছোট দু’টি ফেরি মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু নাব্যতা সংকটের কারণে চ্যানেলের মুখে এসে আটকে পড়ে। দীর্ঘসময় চেষ্টা করেও যখন ফেরি দু’টি চ্যানেলের মুখ অতিক্রম করতে না পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে যায়। এরপর কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। ভোগান্তি কমাতে যানবাহন গুলোকে কাঁঠালবাড়ী ঘাট এলাকার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বিকল্প নৌপথ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। এই নৌপথে লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক থাকায় সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে চরম ভোগান্তি পড়েছেন ব্যক্তি মালিকানা গাড়িসহ পরিবহনের সাথে থাকা যাত্রী ও চালকেরা। আর এই সুযোগে ট্রলারে মালিকরা মোটরসাইকেল প্রতি ৬০০ টাকা করে ভাড়া আদায় করে নদী পার করছে।
আরও পড়ুন: দিনাজপুরে সরকারি বাসভবনে ঢুকে ইউএনওকে হত্যা চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক
মোটরসাইকেল আরোহীরা বলেন, ‘ভোর ৬টা থেকে ফেরি চলাচল করে থাকে। কিন্তু আজ হঠাৎ করেই ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। ঢাকার উদ্দেশে অনেক দূর থেকে এসেছি। পরে দেখি ট্রলারে মোটরসাইকেল ওঠাচ্ছে। ৬০০ টাকা ভাড়া দিয়ে অন্যান্য মোটরসাইকেল আরোহীর মতো আমিও ট্রলারে করে পদ্মা পার হচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলারচালক বলেন, ‘ফেরি বন্ধ। মোটরসাইকেল আরোহীদের নিয়েই শিমুলিয়ার উদ্দেশে ট্রলার যাবে। মোটরসাইকেল আরোহীদের আগ্রহের কারণেই ট্রলারে করে তাদের পার করা হচ্ছে।’
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, ‘নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল করতে পারছে না। এ জন্য সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। সকালে দু’টি ফেরি চ্যানেল অতিক্রম করতে গেলে ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ‘পদ্মা নদীতে নাব্যতা সংকটসহ তীব্র স্রোত রয়েছে। এর আগে পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য এই নৌপথে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ছোট ২টি ফেরি মাঝ পদ্মায় আটকে যায়। এর পর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।’
তিনি আরও বলেন, ‘মূলত নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এই সময়টাতে বিকল্প নৌপথে ব্যবহারের পরামর্শ দেন যাত্রী ও চালকদের।’
ইত্তেফাক/এএএম