চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চুরির সময় দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে পুলিশের টহল পিকআপটি চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা হালিশহর থানার তিন পুলিশ সদস্য ও চালক পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা পিকআপটি দেখতে পাননি।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ওই টহল দলে ছিলেন। তারা পিকআপটি জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামে এক ব্যক্তিকে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই দেলোয়ার হোসেন, গাড়িচালক আক্তারসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে উদ্ধার হওয়া পিকআপটি এখনো হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি গাড়িটি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
