মাদক বিরোধী অভিযানে আটক ৩০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। অভিযানকালে পুলিশ ১১৫ পিস ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল, ৫শ’ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনায় আহত

সাংবাদিকসহ নিহত পাঁচ

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিরা।

সিরাজগঞ্জ:সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকন বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।   গত ১৭ নভেম্বর পেশাগত দায়িত্ব পালন শেষে সিরাজগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া বাসস্ট্যান্ড এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় অহত হন।

ঝিনাইদহ: বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে নাটা হাম্বার (স্থানীয়ভাবে তৈরি ট্রাক) উল্টে চালক খাইরুল ইসলাম (২৭)  নিহত হয়েছেন। আহত হয়েছেন নাটা হাম্বারে থাকা দুই যাত্রী।

হবিগঞ্জ: বুধবার হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন মা। তার নাম মেহেরুন্নেছা (৪৭)। তিনি শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।

রাজশাহী:বুধবার রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভোরে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ওমর আলী (৩৭) নিহত হন। অন্যদিকে পুঠিয়ার বানেশ্বর কালাহাট এলাকায় যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ট্রাক চালক কুতুব আলী (৩২) নিহত হয়েছেন।