নন্দীগ্রামে ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার পাঁচ

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর পথরোধ করে ৫ লাখ ৭ হাজার টাকা ছিনতাইকালে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা আঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: সুরুজ মিয়া, ফরহাদ হোসেন, সুমন, ইকবাল হোসেন ও সাহাবউদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৫টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের ধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নন্দীগ্রাম সদরে একটি বেসরকারি ব্যাংক থেকে ৫ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিএনজি নন্দীগ্রাম পৌরসভার নামুইট মোড় এলাকায় এলে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এরপর ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে বগুড়ার পথে রওনা দেয় তারা। এসময় সিএনজি চালকের সন্দেহ হলে সে পুলিশকে ঘটনাটি জানায়। এরপর পুলিশ ও জনতা চাকলমা আঞ্চলিক সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে তাদের গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন জানান, গ্রেফতারকৃত পাঁচ ছিনতাইকারীর কাছ থেকে একটি পিস্তল সদৃশ বস্তু ও একটি ওয়্যারলেস উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহূত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।