বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ইমতিয়াজ বাদশাহ ওই এলাকার সোহরাব মৃধার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশাহর বাবা সোহরাব মৃধাকে মঙ্গলবার সন্ধ্যায় মারধর করে স্থানীয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা শুনে বাদশা প্রতিবাদ করলে তাকেও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত বাদশাহকে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।