নেত্রকোনা মেডিক্যাল কলেজে আজ থেকে ক্লাস শুরু

নেত্রকোনা প্রতিনিধি

সদ্য প্রতিষ্ঠিত নেত্রকোনা মেডিক্যাল কলেজে আজ বৃহস্পতিবার থেকে প্রথমবারের মত ক্লাস শুরু হচ্ছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে এই ঐতিহাসিক দিবসে পরিচিতি সভা এবং ক্লাস শুরুর আয়োজন করা হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এ.কে.এম সাদিকুল আজম এ প্রতিনিধিকে গতকাল বুধবার বলেন, ৪০ জন শিক্ষার্থী নিয়ে এই কলেজ যাত্রা শুরু করছে। মেডিক্যাল কলেজ ভবন না হওয়া পর্যন্ত নেত্রকোনা আধুনিক হাসপাতালের ইপিআই ভবনে ক্লাস চলবে।

 ইতোমধ্যে জেলার বাইরে থেকে শিক্ষার্থীরা নেত্রকোনায় এসে পৌঁছেছেন বলেও তিনি জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশকালীন সময়ে নেত্রকোনায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস  দেন এবং পক্ষকালীন সময়ের মধ্যেই তা অনুমোদন হয়।