পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী হাওর এলাকার প্রতি অত্যন্ত আন্তরিক। হাওর এলাকা এক সময় অন্ধকারে ছিল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্পর্শে হাওর এলাকায় উন্নয়নের আলোয় জ্বলছে। তিনি বলেন, যোগাযোগ, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকা এখন আগের চেয়ে বহু এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য হাওরের উপর দিয়ে ফ্লাইওভার হবে। এটি প্রধানমন্ত্রীর চিন্তার ফল। পরিকল্পনা মন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশা অত্যন্ত দায়িত্বশীল পেশা এবং সম্মানের। তাই দায়িত্বের সাথে কাজ কারণে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। শেখ হাসিনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করে বলেন, প্রকল্প পাস মানেই যা পেয়েছেন তা ইচ্ছেমত ব্যয় করবেন সেটা হবে না । এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর (প্রধানমন্ত্রী) কথা হলো অহেতুক অপচয়, বাড়াবাড়ি, ফুটানি ও ফ্যাশন বন্ধ করতে হবে। প্রতিটি টাকা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে। তবে উন্নয়নে যাতে গতি না কমে সেদিকেও খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার ২৯ জন সাংবাদিককে অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্ত, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক আবদুল আহাদ, পুলিশ সুপার মিজানূর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান, নরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ব্যরিস্টার ইনামুল কবির ইমন, মেয়র নাদের বখত প্রমুখ। পরে মন্ত্রী হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইত্তেফাক/আরএ