স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় ‘উইকেট’। সর্বশেষ কয়েক আসরজুড়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট এক ধাঁধার নাম। উইকেট নিয়ে অতৃপ্তি উগরে দিয়ে জরিমানাও গুনতে হয়েছিল তামিম ইকবালকে। চলতি আসরে গত কয়েকদিনে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারই বলেছেন, এই উইকেটে খেলা কঠিন। টি-২০ ফরম্যাট হিসেবে উইকেট আরও ভালো হওয়া উচিত বলে উল্লেখ করেছেন অনেকে। আবার ভিন্ন মতও আছে। অনেকের মতে, উইকেট ঠিকই আছে, ব্যাটসম্যানরা ধৈর্য নিয়ে খেলতে পারছেন না।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক গতকাল দুপুরে সরাসরিই বলেছেন, আরও ভালো উইকেট তৈরি করা উচিত। তাতে বড় রানের ম্যাচ হবে। দর্শকরা উপভোগ করতে পারবে।
বিকেলে চিটাগং ভাইকিংস-সিলেট সিক্সার্স ম্যাচের পর মুশফিকুর রহিম বলেছেন, উইকেট অত খারাপ না। তিনি জোর দিয়ে বলেছেন, ব্যাটসম্যানদের মানিয়ে নেয়ার ক্ষমতা বাড়ানো উচিত।
বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে গতকাল মিরপুরের উইকেট নিয়ে শোয়েব মালিক বলেছেন, ‘টুর্নামেন্টের জন্য খুবই ভালো হয় যদি তারা ভালো পিচ তৈরি করতে পারে। শুধু আমরাই সংগ্রাম করিনি, রংপুর রাইডার্সকে দেখুন, তাদের ব্যাটসম্যানদের স্ট্রাইকরেট দেখুন, ৬০/৬৩ রান তাড়া করতে গিয়ে তাদেরও হিমশিম খেতে হয়েছে। আমি বলতে পারি যে, সামান্য কিছু পরিবর্তন তারা আনতে পারে। আমার মনে হয়- আবহাওয়াটাই কিউরেটরদের ভালো মানের পিচ তৈরি করার যথেষ্ট সুযোগ দেয় না। কিন্তু তারা যদি ভালো পিচ তৈরি করতে পারতো, তাহলে বড় স্কোরের খেলা দেখা যেত এবং দর্শকরাও উপভোগ করতে পারত। আর এমনটাই তো পুরো বিশ্বের সবাই দেখতে পছন্দ করে।’
চলতি আসরে সর্বোচ্চ ১৯২ রান করেছে ঢাকা ডায়নামাইটস। তারা ছাড়া আর কোনো দল ১৭০ রানই পার হতে পারেনি।
শোয়েব মালিকের মতে, মিরপুরের উইকেটে শটস খেলা কঠিন। এখানে ১৫০ রানও ভালো স্কোর। গতকাল সিলেট-চিটাগং ম্যাচে দুদলই ১৬০ এর বেশি রান তুলেছে। উইকেট এদিন ভালো ছিল বলেই জানালেন চিটাগংয়ের অধিনায়ক মুশফিক।
তিনি বলেছেন, ‘আজকের (গতকাল) উইকেট একটু ভালো ছিল। হয়তো বা একটা টিম ভেঙে পড়ে, আরেকটা টিম ভালো করে। আজ (গতকাল) দুই দলই রান করেছে। ওরা অল্প রানে তিন উইকেট হারানোর পর ১৭০ রানের মত রান করেছে। তার মানে উইকেট অবশ্যই আগে থেকে ভালো বেটার। আমরাও ভালো শুরু করেছিলাম, মাঝ পথে একটু হোঁচট খেয়েছে কিন্তু শেষের দিকে আমরা রান করেছি।’
মিরপুরে খেলার জন্য ব্যাটসম্যানদের মানিয়ে নেয়ার ক্ষমতা বাড়ানো উচিত জানিয়ে মুশফিক বলেছেন, ‘আমার মনে হয় উইকেটের চাইতে প্লেয়ারদের মানিয়ে নেয়ার ক্ষমতা বাড়ানো উচিত। বিশ্বে যেসব টি-টোয়েন্টি খেলা হয়, অনেক রান হয়। আমাদের এখানে একটু ভিন্ন। আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আরও বাড়ানো উচিত। সে অনুযায়ী যদি খেলতে পারি তাহলে এই স্কোরগুলো আরও বড় হতো। সেটা হলে দর্শকরাও আরও ভালো ম্যাচ দেখতে পারবে।’