স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন বাঁ-হাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক প্যানেল। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন দানুশকা গুনাথিলাকা। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে চার ইনিংসে মাত্র ১৬ রান করেন তিনি।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দলে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য বিবেচিত হননি ম্যাথুস।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না পেরেরা। শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ গেল বছরের জুনে টেস্ট খেলেছেন পেরেরা। গেল বছর মাত্র তিনটি টেস্ট খেলেছেন তিনি। ছয় ইনিংসে মাত্র ৯২ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে সদ্যই শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করেছেন পেরেরা। একটি সেঞ্চুরিসহ তিন ইনিংসে ১৪৯ রান ছিল তার। তাই গুনাথিলাকার অফ-ফর্ম ও ম্যাথুসের ইনজুরিতে দলে সুযোগ ঘটলো পেরেরার।
এছাড়া আরও দলে ফিরেছেন বোলার লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ব্যাটসম্যান লাহিরু থিরিমানে ও সামারাবিক্রমা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে ছিলেন না তারা। ব্রিসবেনে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু করবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট, ম্যাচটি হবে দিবারাত্রির। এরপর এক ফেব্রুয়ারি ক্যানবেরাতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দ্বিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা, কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, দুশমান্থ চামিরা ও কুসান রাজিথা।