সহায়তার আশ্বাস পেয়েছে বাফুফে

ফুটবল একাডেমি গঠন

স্পোর্টস রিপোর্টার

বাফুফের ফুটবল একাডেমি গঠনে জর্ডানের সহায়তা পেতে পারে বাফুফে। সম্প্রতি বাফুফে কাজী সালাহউদ্দিন এবং জর্ডানের ফুটবল ফেডারেশনের সভাপতি আলী বিন আল হোসাইনের সঙ্গে দুবাইয়ে বৈঠক হয়েছে। বৈঠক হতে ঢাকায় ফিরে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, বৈঠকে খুব ভালো সাড়া পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আমরা আগামীতে যে একাডেমি করতে যাচ্ছি সেখানে ভালো সহযোগিতা পাওয়া যাবে। জর্ডানের আলী বিন আল হোসাইন একাডেমিতে সহযোগিতা করবেন। খেলাধুলার সামগ্রী দিয়ে সহায়তা করতে পারেন। রাজধানীর বেরাইদে ফুটবল একাডেমি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে জমিও পছন্দ করেছে বাফুফে।’

এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনে আসা এএফসির অন্যান্য দেশের ফুটবল সভাপতি ও সাধারণ সম্পাদরকরাও এসেছিলেন। সেখানে একাধিক দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিয়েও কথা হয়েছে। তারাও প্রীতি ম্যাচ খেলতে রাজি, তবে নিজ নিজ দেশের কোচিং স্টাফের সঙ্গে কথা বলে বিষয়টি জানাতে পারবেন। আবু নাইম সোহাগ জানিয়েছেন দেশগুলোকে চিঠি পাঠাতে হবে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপের সঙ্গে কথা হয়েছে। মার্চে প্রীতি ম্যাচের সুযোগ উইনডো রয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডের গতকাল ঢাকায় ফিরে আসার কথা ছিল। কিন্তু প্রিমিয়ার লিগের খেলা যেহেতু ১৮ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে এবং এক সপ্তাহ পিছিয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে তাই কোচ জেমিও একটু সময় নিতে চান। ১৬ জানুয়ারি ফিরবেন বলে জানিয়েছে বাফুফে। তবে শনিবার লিগ কমিটির সভা রয়েছে।

তখন আরেক দফা তারিখ ঘোষণা হতে পারে। রবিবার বাফুফের ডেভেলপম্যান্ট কমিটির সভা। মঙ্গলবার বাফুফের সভা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল এপ্রিলের শেষ দিকে শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহে শেষ হবে, প্রস্তুতি চলছে। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ শুরু করার জন্য বাফুফে উদ্যোগ নিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে পল্টন ময়দান বরাদ্দ চেয়েছে।