সংগঠনের নীতি-আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাসিবুল খান ছানার বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
জানা যায়, ২৯ আগস্ট সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান ও ওই কাজের ঠিকাদারকে দুই দফা মারপিট করে চাঁদা দাবির অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করে সাঁথিয়া থানা পুলিশ।
ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডাস এন্ড ইন্ঞ্জিনিয়ারিং লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মান কাজ করছিল। ওই ঠিকাদারের নিকট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা চাঁদা দাবী করে। ঘটনার দিন এমএম বিল্ডাস এন্ড ই্িঞ্জনিয়ারিং লিমিটেডের সাইড ম্যানেজার ইয়াছিনের নিকট চাঁদা দাবী করে। এসময় প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার এগিয়ে আসলে তাকে মারপিট করেন। শনিবার রাতেই এমএম বিল্ডাস এন্ড ইন্ঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। যার নং ২৯। এ মামলায় হাসিবুল খান ছানা পাবনা জেল হাজতে রয়েছে।
সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক স্বপন প্রামানিক তার সংগঠনের সম্পাদকের বহিস্কার বিষয়ে কোন মন্তব্য করকে রাজী হয়নি।
ইত্তেফাক/এএম