চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণায় পা ফসকে পড়ে ফাইয়াজ আহমেদ নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত পর্যটক ফাইয়াজ আহমেদ (৪০) ফেনী জেলা সদরের সুলতানপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝরনা এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে দুপুর ১টায় পিচ্ছিল পাহাড়ি রাস্তায় পা ফসকে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় এই পর্যটকের।
মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দিনেশ চন্দ্র দাশ গুপ্ত ইত্তেফাককে বলেন, খৈয়াছড়া ঝরনায় এক ব্যক্তি গিরিখাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তা ফাইয়াজকে শুক্রবার বিকাল ৫টায় মৃত অবস্থায় গিরিখাদ থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করতে চাইলে আমরা মামলা নেবো।
ইত্তেফাক/কেকে