জাতীয় পতাকার আদলে (অনুসরণ করে) গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি সিঁড়ি রঙ করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মাঝে লাল ও দু’পাশে সবুজ এভাবেই রঙ করা হয় এই সিঁড়িটি। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিচার দাবি করেন।
এলাকাবাসী জানান, প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ওঠার এই সিঁড়িটি গত বুধবার (২ সেপ্টেম্বর) রঙ করা হয়। কাজটি করেন সাদ্দাম হোসেন নামে স্থানীয় জনৈক চিত্রশিল্প। এ সময় বিষয়টি স্থানীয় লোকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। কিন্তু কোন কর্ণপাত না করে সাদ্দাম তার কাজ শেষ করেন।
স্থানীয় চিত্রশিল্পী সাদ্দাম হোসেন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের বিভিন্ন অংশে রঙের কাজ করা হয়েছে। এর বেশি আমি জানি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের কাছে এ বিষয়ে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, পিইডিপি-৩ ও স্লিপ প্রকল্পের আওতায় এই বিদ্যালয়ের ভবন সংস্কার ও সাজস্জ্জার জন্য সম্প্রতি ২ লাখ ৪৪ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়। সেই কাজের অংশ হিসাবে এই সিড়ি রঙ করা হয়। তিনি আরও বলেন, এতে কোন ত্রুটি হয়ে থাকলে অতিদ্রুত তা নিরসন করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের ২নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাকির বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, আমি বিষয়টি অবগত ছিলাম না। স্থানীয় লোকজনের মুখে শুনে অবাক হই। আমাদের মহান জাতীয় পতাকার আদলে সিঁড়ি রঙ করা হয়েছে। এটা কোনভাবেই সমীচিন নয়। তিনি প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিষয়টি অতিদ্রুত সুরাহার আশ্বাস দেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী বলেন, যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে