নান্দাইলে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ময়মনসিংহের নান্দাইলে ১২ বছর বয়সী তাসলিমা আক্তার বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেলো।

শনিবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করেন‌। নির্ধারিত বয়সের পূর্বে বিয়ে দিবে না অঙ্গীকারপূর্বক অভিভাবকের কাছে থেকে একটি মুচলেকা নেন।

জানা যায়, গোপনে গত শুক্রবার দিবাগত রাত ২টায় নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের খরিয়া গ্রামের নবী হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের বিয়ের আয়োজন করে তার পরিবার। বর পার্শ্ববর্তী  ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আ. মন্নাছের ছেলে নাঈম মিয়া। 

গোপনীয়তা বজায় রেখে বরপক্ষও চলে আসে কনের বাড়ি। মোবাইলে ৯৯৯ কলের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনাস্থল উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। পরে  বর-কনেকে থানায় নিয়ে আসা হয়।

শনিবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিয়েটি বন্ধ করে দেন। 

ইত্তেফাক/জেডএইচ