সুবর্ণচরে ভাতিজার পিটুনিতে চাচা নিহত!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরপানাউল্যা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা আরিফ হোসেনের পিটুনিতে চাচা দুলাল বেপারী (৫০) নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া (৫০) ওই গ্রামের মৃত মোজাস্বর আলীর ছেলে। অভিযুক্ত আরিফ হোসেন (২২) নিহতের বড় ভাই মহিন উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে দুলাল পারিবারিকভাবে জমি পরিমাপকারী আমিন ডেকে নিজের ভাইয়ের সাথে জায়গা-জমি ভাগবাটোয়ারা করার সময় ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে আরিফ তার চাচা দুলালের মাথায় লাঠি দিয়ে এবং বুকে নাঙ্গলের হাতল দিয়ে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।