বরিশালে পিতা হত্যার বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন

বরিশাল অফিস

সরকারি দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামার কর্মচারী মোঃ দুলাল সিকদার হত্যার বিচার দাবিতে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। গতকাল বুধবার বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে দোলা সিকদার লিখিত বক্তব্যের মাধ্যমে এই দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালের ২২ নভেম্বর বিকাল ৫টার দিকে জমি সংক্রান্ত বিরোধ ও জোরপূর্বক দখল নিতে না পারার জের ধরে আমার বাবাকে ২০/২৫ জন মাদক ব্যবসায়ী পূর্ব-পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আমার মা ওই রাতেই ২২ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে বিলম্ব করছে বলে অভিযোগ করে দোলা সিকদার বলেন, আসামিরা আমাদের পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী রহিমা আক্তার, ছেলে নোবেল সিকদার, তার চাচাত ভাই মাহাতাব সিকদার ও মো. রাকিব হোসেন সিকদার।