রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-র খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদিয়া ফাঁড়ি থানার এএসআই জসিম ও এছহাক ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় দক্ষিণ দাসপাড়া বাজার সংলগ্ন আলার বাড়ির সামনে। সংঘর্ষে মারাত্মক আহত অবস্থায় লামচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ ও মোঃ ইব্রাহীমসহ বাকি আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদিয়া ফাঁড়ি থানার এ এস আই জসিম উদ্দিন জানান, খবর শুনে এ এস আই এছহাকসহ ঘটনাস্থলে পৌঁছে শাকিলের ভাই মোঃ শাহজাহানের কাছ থেকে কিছু লাঠিসোটা উদ্ধার করি। এসময় আহত সবাইকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য প্রেরণ করি। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।