ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোকসভার আয়োজন করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বুধবার দুপুরে কমিশনের ‘৭১ মিলনায়তনে’ এ শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় সৈয়দ আশরাফুল ইসলামের ত্যাগী, বিচক্ষণ ও দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা ও দর্শন নিয়ে আলোচনা করেন আলোচকরা। সরকারি কর্মকমিশনের জন্য তার সুপরামর্শ ও সহযোগিতা এবং কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে মহানুভবতা দেখিয়েছেন তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
সভায় কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, গত ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সরকারি কর্মকমিশনের সদস্য থেকে শুরু করে সকল কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত। যাকে হারিয়েছি তিনি একজন প্রজ্ঞাবান আলোকিত মানুষ ছিলেন। সরকারি কর্মকমিশন হারিয়েছে তার পরম সুহূদ এবং আন্তরিক স্বজন। শোকসভায় কমিশনের সদস্য, সচিবসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।