বিশেষ প্রতিনিধি
‘বিপুল বিজয় যেন কোনোভাবেই আমাদের বেপরোয়া না করে তোলে, সেদিকে সবার সজাগ থাকতে হবে। গণরায়কে সম্মান করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। নির্বাচনোত্তর অপপ্রচারের জবাব দিতে হবে।’ গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমরা যারা নেতা-কর্মী-সমর্থক আছি তারা যেন নিজেদের আখের গোছাতে গিয়ে দলকে বিপদে না ফেলি এবং নেত্রীর সুনামহানি যেন না ঘটে। বিশাল বিজয়, বিরাট চ্যালেঞ্জ, ভরসা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বর্তমান সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু সরকারের সামনে বড় সম্পদ হিসেবে আছেন শেখ হাসিনা।’ ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মো: মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনূর রশীদ, যুবলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।