ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে মঙ্গলবার নিকটাত্মীয়রা দেখা করার অনুমতি পায়। বেগম জিয়া খুবই অসুস্থ। সম্পূর্ণ চিকিত্সা শেষ না হতেই তাঁকে বিএসএমএমইউ থেকে কারাগারে নিয়ে আসা হয়েছিল। তাঁর প্রয়োজনীয় সুচিকিত্সা পাবার অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। এভাবেই মানসিক নিপীড়নের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে সরকার। বেগম জিয়াকে নির্যাতন করে প্রতিহিংসার যেন শেষ হচ্ছে না। বেগম জিয়ার জীবন নিয়ে এক গভীর চক্রান্তে মেতে আছে সরকার।
গতকাল বুধবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করছে সরকার। যে মিথ্যা মামলায় ইতিপূর্বে অনেকেই জামিন পেয়েছেন, অথচ সেই মামলাগুলোতেই আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। কুমিল্লার মিথ্যা নাশকতার মামলায় বারবার তারিখ পিছিয়ে হয়রানি করা হচ্ছে। আদালতে ন্যায় বিচার পেলে কুমিল্লায় দায়ের করা নাশকতা মামলায় বিচারিক আদালতেই বেগম জিয়া জামিন পেতেন। আদালত জামিনও দিচ্ছে না আবার জামিন নামঞ্জুরও করছে না। ফলে বেগম জিয়াকে উচ্চ আদালতে যাওয়ার পথও রুদ্ধ করে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশেই নিম্ন আদালত বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে দেশবাসী মনে করে।