জামালপুরের ইসলামপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা শাখা আলাই নদীর এক সপ্তাহ ভাঙনে প্রায় ১৫টি বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। বন্যার পানি কমার সাথে সাথে ইসলামপুর সদর ইউনিয়নের উত্তর পচাবহলা সরকার পাড়া এলাকায় প্রবল ভাঙন শুরু হয়। এতে করে যাতায়াতের সড়কসহ গত এক সপ্তাহে কমপক্ষে ১৫টি বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে মসজিদ মাদরাসাসহ ফসলি জমি ভাঙন আতঙ্কে রয়েছে হাজারো মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, যমুনা শাখা আলাই নদীর ভাঙনে পচাবহলা সরকার পাড়া গ্রামের সড়ক ও কবরস্থানসহ প্রায় ১৫টি বসতভিটা নদী ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের শিকার সামসুল,বারেক,ফজল,দিপু,রিয়াজুল সরকার,আসাদুল্লাহ ও শহিদুল্লাহসহ কমপক্ষে ১৫টি বসত হারিয়ে খোলাকাশের নীচে রাস্তার পাশে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছেন। ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করা না গেলে এলাকার প্রায় শতাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলীন হতে পারে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করে অসহায় মানুষের সহায়তা করবেন বলে এমন প্রত্যাশা করছেন তারা।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধিদল
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল বলেন, আমি ওই এলাকা পরিদর্শন করেছি। সেখানে ভয়াবহ ভাঙন চলছে। তাই সংশ্লিষ্ট দপ্তরসহ এমপি মহোদয়ের সাথে কথা বলেছি ব্যবস্থা গ্রহণ জন্য।
এবিষয়ে স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণে জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।’
ইত্তেফাক/এএএম