কক্ষ থেকে টিভি ও ফ্রিজ সরিয়ে ফেলা হয়েছে

কারা হাসপাতালে ভুয়া রোগীদের ভর্তি বাতিল

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুর্নীতির মাধ্যমে সুস্থ কয়েদিদের বেআইনিভাবে হাসপাতালে ভর্তির ঘটনা বন্ধে কারাগার হাসপাতালে ফলোআপ অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। গতকাল বুধবার ফলোআপ অভিযানে গিয়ে দুদক টিমের সদস্যরা দেখতে পান যে হাসপাতাল রোগীদের কক্ষ থেকে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদি সরিয়ে ফেলা হয়েছে। এমনকি সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার, বশিরুল ইসলাম বিদ্যুত্ ও মোঃ আলী বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ভর্তিকৃত রোগীদেরও সরিয়ে নিয়ে প্রকৃত অসুস্থ রোগীদের ভর্তি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে এ অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক মোঃ রাউফুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে ভবিষ্যতে দুর্নীতি বন্ধে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় দুদক টিম।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “কারাগারে দুর্নীতি যুগ যুগ ধরে চলতে দেওয়া যায় না। প্রয়োজনে এ দুর্নীতির সুবিধাভোগীদের সম্পদের অনুসন্ধান করা হবে। এ অভিযান আরও চলবে।”