এ্যানেসথেশিয়ার চিকিৎসক ছাড়াই করা হয়েছিল অপারেশন

এ্যানেসথেশিয়া চিকিৎসক ছাড়াই গত ৩০ আগস্ট সকাল ৮টার দিকে প্রসূতি রত্নার (৩১) সিজারিয়ান অপারেশান করা হয়েছিল। নবজাকটি পৃথিবীর মুখ দেখলেও অপারেশান টেবিলেই মারা যান রত্না। ঘটনা তদন্তে অপারেশানের সময় এ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।

রবিবার তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সিভিল সার্জন কার্যালয়ের তদন্ত কমিটির সভাপতি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, গুরুদাসপুর পৌর সদরের কাচারিপাড়ার হাজেরা ক্লিনিকে সিজারিয়ান অপারেশানে রত্না নামের এক প্রসূতির মৃত্যু হয়। তদন্তে প্রাথমিকভাবে অপারেশানের সময় এ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে পুরো বিষয়টি জানানো হবে।

প্রসঙ্গত, হাজেরা ক্লিনিকের মালিক চিকিৎসক আমিনুল ইসলাম সোহেল ৩০ আগস্ট এ্যানেসথেশিয়া চিকিৎসক ছাড়াই প্রসূতি রত্নার সিজারিয়ান অপারেশান করেন। অপারেশানের টেবিলে প্রসূতি রত্নার মৃত্যু হয়। ওই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নাটোরের সিভিল সার্জন চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

ইত্তেফাক/এসি