বিরোধী দল আন্দোলন করলে সমুচিত জবাব দেওয়া হবে ---------ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সমপাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল কি করবে তা জানি না। তবে যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করবে না। এমনকি বাংলাদেশের জনগণও বিশ্বাস করে না, আমরাও করি না।

গতকাল বুধবার সকালে লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট হয়ে বর্তমান সরকারের নতুন মন্ত্রী পরিষদের সকল সদস্যকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে ৩ নং রোরো ফেরি ঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিরোধী দল দশ বছরে দশ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি, তারা এখন কি করবে? তারা যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে, তবে আমরা রাজনৈতিকভাবে সমুচিত জবাব দেব।

এদিকে মন্ত্রী পরিষদের আগমন উপলক্ষে ঘাট এলাকার নিরাপত্তা বাড়ানো হয়। সেখানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।

সকাল ৯টার দিকে মন্ত্রী পরিষদ সদস্যরা শিমুলিয়া ঘাটে এসে পৌঁছলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. ওসমান গণি তালুকদার, সাধারণ সমপাদক আব্দুল রশিদ সিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসমপাদক গোলাম সারোয়ার কবীর, উপজেলা যুবলীগের যুগ্ম সমপাদক মুর্তুজা খানসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী।