কাহালুতে কলেজছাত্রের পুঁতে রাখা লাশ উদ্ধার

কাহালুতে মাটির নীচে পুঁতে রাখা এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম আরমান হোসেন আন্না (২২)। সে ডোমরগ্রাম খান পাড়ার গ্রামের আজিজার রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে। সোমবার সকালে পুলিশ ডোমরগ্রাম খান পাড়া মসজিদের পাশের একটি পুকুরের দক্ষিণ পাড়ের মাটির নীচ থেকে ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আন্নার পারিবারিক সূত্রে বলা হয় সে গাইবান্ধা কৃষি ডিপ্লোমা কলেজের ২য় বর্ষের ছাত্র।করোনার কারণে সে গ্রামের বাড়িতে অবস্থান করছিল। গত রবিবার সন্ধ্যা রাতে তার বাড়ির পাশে পুকুর প্রহরী সুজনের (২১) কাছে যাবে এই বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ওই রাতে সে বাড়ি ফিরেনি। সোমবার সকালে মসজিদের পাশে পুকুর পাড়ের (দক্ষিণ ধারে) মাটির নীচে তার লাশের সন্ধান পাওয়া গেলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়ে দেয়। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যাকরা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। এদিকে পুলিশ পুকুর চাষী ওবায়দুর ও প্রহরী সুজনকে আটক করে জিঙ্গাসাবাদ চালাচ্ছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান আন্নার হত্যার প্রকৃত রহস্য এখনও উদঘাটন করা যায়নি তবে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।আরোও জানা যায় আন্নার পিতা রংপুর এলাকায় এক ঔষধ কোম্পানিতে চাকুরী করে। ঘটনার দিন তিনি বাড়ি ছিলেন না।


ইত্তেফাক/আরকেজি